সৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে আল গণি রেস্টুরেন্টের কর্মচারী নিখোঁজ
কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে সিদ্দিক (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। একই সময়ে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়া আরও এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে দায়িত্বরত লাইফগার্ড দলের দলনেতা ওসমান গণি।
তিনি জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে আলগণি রেস্টুরেন্টের কলাতলী শাখার তিন কর্মী হোটেল সি-গাল পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসলে নামেন। সকাল সাড়ে ৬টার দিকে তাদের মধ্যে সিদ্দিক সাগরের পানিতে নিখোঁজ হন।
নিখোঁজ সিদ্দিকের বয়স ১৭ বছর। তিনি টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিদ্দিক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেন সংশ্লিষ্টরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এদিকে একই দিন ভোরে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে আরও এক পর্যটক বিপদে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই পর্যটকের নাম-পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।