আটকের পর মুক্ত কক্সবাজার জাসদের সভাপতি টুটুল, যুগ্ম সম্পাদক মাসুসহ ৫ নেতা
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশের হাতে আটক কক্সবাজার জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসুসহ পাঁচ নেতা মুক্ত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে যাচাই-বাছাই শেষে তাঁরা মুক্তি পান বলে দলীয় সূত্রে জানা গেছে।
মুক্ত হওয়া অন্য তিন নেতা হলেন—কক্সবাজার জেলা জাসদের সহ-সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, জেলা জাসদের সদস্য চকরিয়ার নুরুল আলম এবং খুরুশকুলের জাকির হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভায় যোগ দিতে কক্সবাজার জেলা জাসদের পাঁচ নেতা ঢাকায় যান। সভা চলাকালে পুলিশের অভিযানে অন্যদের সঙ্গে তাঁদেরও আটক করা হয়।
পরে যাচাই-বাছাই শেষে শাহজাহানপুর থানা থেকে চারজন এবং পল্টন থানা থেকে একজনসহ কক্সবাজারের পাঁচ নেতাকে ছেড়ে দেওয়া হয়।
নঈমুল হক চৌধুরী টুটুল জানান, কেন্দ্রীয় প্রতিনিধি সভায় যোগ দিতে তাঁরা ঢাকায় গিয়েছিলেন। তাঁর দাবি, সভা চলাকালে যুবদলের কিছু লোক জাসদ কার্যালয়ে গিয়ে সেখানে আওয়ামী লীগের সভা চলছে বলে অভিযোগ করেন। তবে জাসদের পক্ষ থেকে সভার জন্য স্থানীয় থানার অনুমতি নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। যাচাই-বাছাই শেষে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে আটক ব্যক্তির সংখ্যা ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
জাসদের পক্ষ থেকে অবশ্য পুলিশের এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সেখানে দলটির প্রতিনিধি সভাই চলছিল।