মা ইলিশ রক্ষায় সমুদ্র-নদীতে নৌবাহিনী মোতায়েন
প্রধান প্রজনন মৌসুমে দেশের ইলিশ সম্পদ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্য নৌযানের মাধ্যমে ইলিশসহ অন্যান্য মাছ আহরণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিষেধাজ্ঞার পুরো সময়ে দেশের নয়টি জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট সার্বক্ষণিক টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।
দেশের গভীর সমুদ্রে দেশি-বিদেশি সব ধরনের মাছ ধরার নৌযানের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে গভীর সমুদ্রে কড়া নজরদারি অব্যাহত রয়েছে।
নৌবাহিনী ফ্লিটের জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্টগুলো সমুদ্র ও নদীর বিভিন্ন প্রজননক্ষেত্রে সক্রিয় রয়েছে। অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, অন্যান্য সশস্ত্র বাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নৌবাহিনী।
অভিযান চলাকালে অবৈধভাবে ইলিশ আহরণে জড়িত ব্যক্তি ও যান্ত্রিক ট্রলারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা এবং জনসচেতনতা বাড়াতে প্রচারণাও চালাবে নৌবাহিনীর সদস্যরা।