সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

জুবিন গার্গকে ‘হত্যা করা হয়েছে’—আসামের মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি

ছবি: সংগৃহিত

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে আসামে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়ে সমুদ্রে গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। সিঙ্গাপুরের ময়নাতদন্ত রিপোর্টে এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলা হলেও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, এটি দুর্ঘটনা নয়— জুবিন গার্গকে হত্যা করা হয়েছে।

আসাম বিধানসভায় বিরোধী দল ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’-এর বিধায়ক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, জুবিন গার্গের মৃত্যুর বিচার আজও হয়নি, যা সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। তিনি জানান, জুবিন গার্গ ছিলেন আসামবাসীর হৃদয়ের মানুষ এবং তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন অত্যন্ত জরুরি। এর জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়; জুবিন গার্গকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জুবিনের মরদেহ দেশে আনার পর তদন্তে নামে আসাম পুলিশ এবং পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ ঘটনায় ৬০টি মামলা দায়ের হয় এবং তদন্তের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। এ পর্যন্ত ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মাহাতো, জুবিনের নিকট সহযোগী সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্ত, গায়ক জুবিনের তুতো ভাই সন্দীপন গার্গসহ তার দুই নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বোরা ও প্রবীণ বৈশ্যকে গ্রেফতার করা হয়েছে।

তবে দীর্ঘ তদন্ত, একের পর এক গ্রেফতার এবং রাজনৈতিক বক্তব্যের পরও এখনো পর্যন্ত ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। জুবিন গার্গের মৃত্যু—দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা—এ প্রশ্নে এখনও অন্ধকারে রয়ে গেছে তার পরিবার, সহশিল্পী এবং ভক্তরা।

ক্যাটাগরি