কারাগারে লোকসংগীতশিল্পী মুজিব পরদেশী

চেক ডিজঅনার (চেকের বিপরীতে পর্যাপ্ত অর্থ না থাকা) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচার শেষে ২০২৩ সালের ১৫ মার্চ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগীতি ও জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *