বিনোদন

দর্শকদের ভালোবাসায় বাড়ছে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ এর পর্বসংখ্যা

দর্শকদের ব্যাপক জনপ্রিয়তায় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শুরুতে ৩৮ পর্বে নাটকটি শেষ করার পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এর মোট পর্বসংখ্যা দাঁড়াচ্ছে ৪২-এ। দর্শকদের আগ্রহ অব্যাহত থাকলে ভবিষ্যতে পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম রিভিউইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাটকটির পর্বসংখ্যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। নিজের ভ্লগে তিনি জানান, দর্শকদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়ায় নির্মাতারা আগের পরিকল্পনায় পরিবর্তন এনেছেন।

নাটকটি শিগগিরই শেষ হয়ে যাবে ভেবে যাঁরা মন খারাপ করছেন, তাঁদের আশ্বস্ত করে সোনিয়া রাও বলেন, প্রচারের জন্য এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। দর্শকদের আগ্রহ একইভাবে বজায় থাকলে পর্বসংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

এদিকে নাটকটির পর্বসংখ্যা বাড়ানোর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে চলছে আলোচনা। অনেকেই জানিয়েছেন, গল্পের প্রতি তাঁদের আগ্রহ এতটাই বেশি যে প্রয়োজনে আরও দীর্ঘ সময় ধরে নাটকটি দেখতে চান। কেউ কেউ মজা করে বলেছেন, প্রয়োজনে হাজার পর্ব হলেও তাঁদের আপত্তি নেই।

তবে দর্শকদের সবাই অবশ্য পর্বসংখ্যা বাড়ানোর পক্ষে নন। একাংশের আশঙ্কা, জনপ্রিয়তার কারণে গল্প অযথা দীর্ঘ করা হলে নাটকটির মূল আকর্ষণ ও আবেদন হারিয়ে যেতে পারে। তাঁদের মতে, গল্পের স্বাভাবিক গতি ও মান বজায় রাখাই নির্মাতাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত।

উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত হয়েছে ‘দার-ই-নিজাত’। থ্রি এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি প্রচারিত হচ্ছে এআরওয়াই ডিজিটালে। পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে নাটকটি।

নাটকের গল্প আবর্তিত হয়েছে জারিয়াব ও আবু বকরের ভালোবাসা এবং তাঁদের জীবনের নানা উত্থান-পতনকে ঘিরে। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। অন্যদিকে জারিয়াব চরিত্রে রয়েছেন দুরে ফিশান সেলিম।

গল্পের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং ধারাবাহিক নাটকীয়তায় ইতোমধ্যে পাকিস্তানের বাইরেও দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে ‘দার-ই-নিজাত’। ভারত, নেপাল, বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও নাটকটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। এখন দর্শকদের অপেক্ষা, বাড়তি পর্বগুলোতে জারিয়াব ও আবু বকরের গল্প কোন নতুন মোড় নেয়।

ক্যাটাগরি