‘মানবতাবিরোধী অপরাধে’ অভিযুক্ত হিরো আলম ক্ষুব্ধ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সামাজিক ও নাগরিক সংগঠন। অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের নামও রয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। এ সময় সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন এবং জুলাই আন্দোলনে আহত আবু বকর ছিদ্দিক (তুহিন ফরাজী) উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হিরো আলম বলেন, জুলাই আন্দোলনের সময় তিনি কোথায় ছিলেন, কী করেছেন এবং কোথায় উপস্থিত ছিলেন—এসব বিষয়ে তার কাছে ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণ রয়েছে।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা, ভিত্তিহীন বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনে, কিংবা ভুয়া বা বিকৃত ফুটেজের মাধ্যমে আমাকে জড়ানোর চেষ্টা করে, তাহলে আমি আইনি প্রক্রিয়ায় তার মোকাবিলা করব।”
তিনি আরও বলেন, “আমি সত্য ও প্রমাণের ভিত্তিতেই কথা বলি। প্রয়োজন হলে আমার কাছে থাকা সব তথ্য-প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করেন। এমন চেষ্টা হলে আমি আইনগত ব্যবস্থা নেব।”
অভিযোগে যাদের নাম রয়েছে তাদের মধ্যে আরও আছেন অভিনেতা আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান, সাজু খাদেম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সুজাতা আজিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, মোমিন মেহেদী ও সোমা ইসলাম।
অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে অভিযোগ দাখিল করা হয়েছে।