বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা

ছবি: সংগৃহিত

মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডে অবস্থান করছেন তানজিয়া জামান মিথিলা। সেখান থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় দেশের কিছু মানুষের সমালোচনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

মিথিলা বলেন, বিদেশিরা ট্রল করলে তার কিছু যায় আসে না, কিন্তু নিজের দেশের মানুষ যখন অযথা কটূক্তি করে, তখন কষ্ট লাগে। বড় মঞ্চে দেশের নাম ধারণ করে কঠোর পরিশ্রম করছেন জানিয়ে তিনি বলেন, এত শৃঙ্খলা, প্রশিক্ষণ এবং পরিশ্রমের পরও দেশের মানুষের সামান্য উৎসাহ না পাওয়া হতাশার। আরও ভালো করতে হলে নিজের দেশ থেকেই ইতিবাচকতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বহু বছর আগের একটি ‘ওয়াশরুম ভিডিও’ আবার ভাইরাল হওয়ায় নতুন করে বিতর্কের মুখে পড়েন মিথিলা। এ নিয়ে লাইভে এসে তিনি বলেন, ঘটনাটি প্রায় সাত–আট বছর আগের, তখন তারা ছোট ছিলেন এবং এটি ছিল বন্ধুর সঙ্গে করা একটি প্র্যাঙ্ক। কেউ কেউ একে যৌন হয়রানি বলে প্রচার করছেন, যা সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন—তিনি নিজে ওই ঘটনার জন্য বহু আগেই দুঃখ প্রকাশ করেছেন। পুরোনো ভিডিও ব্যবহার করে তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার ক্ষতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

ব্যক্তিগত আক্রমণকারীদের উদ্দেশে মিথিলা সতর্ক করে বলেন, তার নাম ব্যবহার করে নেতিবাচকতা ছড়ানো বন্ধ না হলে তিনি আর চুপ করে থাকবেন না। বড় মঞ্চে প্রতিযোগিতা করতে হলে তাকে যেমন আরও ভালো হতে হবে, তেমনি দেশের মানুষেরও সহযোগিতা প্রয়োজন—এমনটাই দাবি করেছেন তিনি।

ক্যাটাগরি