শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান
রাজশাহীর তানোর উপজেলায় ২ বছরের শিশু সাজিদকে (২) উদ্ধারে চলছে টানা শ্বাসরুদ্ধকর অভিযান। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ৮ ইঞ্চি ব্যাসার্ধের পরিত্যক্ত গর্তে পড়ে যায় শিশুটি। প্রায় ৩৫ ফুট গভীরে আটকে পড়ায় তাকে উদ্ধারে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালানোর সময় কিছু মাটি গর্তে পড়ে যায়। এরপর তানোর, চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট টানা অভিযান চালাচ্ছে। শিশুটিকে জীবিত রাখার জন্য অক্সিজেন পাইপ গর্তে নামানো হয়েছে। স্কেভেটর দিয়ে খননের কাজ শেষ পর্যায়ে, উদ্ধার হতে আরও দুই থেকে তিন ঘণ্টা লাগতে পারে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, গর্তটি এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ বসাতে গিয়ে তৈরি করেন। ৩৫ ফুট বোরিং করার পর পানি না পাওয়ায় নলকূপ বসানো হয়নি, আর গর্তটি খোলা অবস্থাতেই পড়ে ছিল। বুধবার শিশুটির মা মাঠে খড় নিতে গেলে সাজিদ খেলতে খেলতেই গর্তে পড়ে যায়। স্থানীয়রা ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেন।
শিশু সাজিদকে জীবিত উদ্ধারে টানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল।