ইসরাইলি সেনাবাহিনীতে বড় ভাঙন, প্রায় ৬০০ কর্মকর্তার পদত্যাগ
ইসরাইলি সেনাবাহিনীতে বিরল ধরনের ভাঙন দেখা দিয়েছে। ‘চিফ অব স্টাফ ইনক্রিজ’ নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিতের সিদ্ধান্তের পর প্রায় ৬০০ কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার (এনসিও) পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরাইলের সুপ্রিম কোর্ট এ সুবিধা স্থগিত করার রায় দেওয়ার পরই পদত্যাগের ধাক্কা শুরু হয়েছে।
এর আগে ২০২৩ সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় এক সমঝোতায় পৌঁছালেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে যায় এমকে আমিত হালেভির আপত্তির কারণে। এই অচলাবস্থা সেনাদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়েছে—যেখানে বহু বছর ধরে আর্থিক সুবিধা দিয়ে আনুগত্য ধরে রাখা হয়েছে।
এসব পদত্যাগের ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের সময় আইওএফ (ইসরাইলি দখলদার বাহিনী) গুরুতর কর্মীসংকটে থাকায় সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি দূরে রাখলেও এখন আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় দ্রুত আইনগত সমাধানের জন্য তীব্র লবিং শুরু করেছে।
তথ্যসূত্র: আল মায়াদিন