বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে, এক মাসে নতুন করে এসেছে ২,৭৩৮ জন

ছবি: সংগৃহিত

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত এক মাসে নতুন করে আরও ২,৭৩৮ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সংস্থাটির সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৯,৩৭৮ জনে। অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ছিল ১,৩৬,৬৪০ এবং সেপ্টেম্বরে ছিল ১,৩৩,৬৫১ জন—অর্থাৎ টানা তিন মাসের প্রবণতায় নতুন আগমন বেড়েছে।

বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের বিভিন্ন ক্যাম্পে ১১ লাখ ৭৩ হাজার ১৭১ জন রোহিঙ্গাকে চিহ্নিত করা গেছে। ২০১৭ সালের আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৯ লাখ ৯৪ হাজার ৯৩৭ জন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ২০২৪ সালে আবারও রোহিঙ্গাদের সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আগমন বাড়তে থাকে। বছরের শেষ দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি বড় ঢল দেখা যায়, এবং তাদের বায়োমেট্রিক নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে।

নতুন আগতদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু। ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সংখ্যা ১২ শতাংশ—যার মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তি, গুরুতর রোগী, একক অভিভাবক, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক এবং ঝুঁকিতে থাকা বয়স্করা। সামগ্রিকভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।

সূত্র: বাংলা ট্রিবিউন

ক্যাটাগরি