প্রথম আলো ও ডেইলি স্টারের ‘পাশে আছে’ সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি আশ্বস্ত করে বলেন, এই দুঃসময়ে সরকার গণমাধ্যমগুলোর পাশে রয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা মূলত স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে একটি গুরুতর বাধা সৃষ্টি করে।
টেলিফোনালাপে তিনি সম্পাদকদ্বয়কে সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। খুব শিগগিরই সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।