ভেজালবিরোধী অভিযানে মহেশখালীতে ব্যবসায়ীকে জরিমানা, অবৈধ খাদ্যপণ্য ধ্বংস
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলাস্থ মোহাম্মদপুর তেলিপাড়া এলাকায় ভেজালবিরোধী অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ১টা ৩০ মিনিটে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে পণ্যের যথাযথ মোড়কীকরণ না করা, ভেজাল ও লেবেলবিহীন প্যাকেটজাত খাদ্যদ্রব্য বিক্রির দায়ে কবির আহমদের পুত্র ব্যবসায়ী নুরুল করিমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদ্য আইন লঙ্ঘনকারীদের কঠোরভাবে সতর্ক করেন। পাশাপাশি জব্দকৃত অবৈধ ও ভেজাল খাদ্যপণ্য জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।