কুয়াশা ভেদ করে নতুন আলোর ডাক স্বাগত ২০২৬
১ জানুয়ারি ২০২৬। সময় তখন ভোর ৬টা ৩২ মিনিট। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে কুয়াশার সাদা চাদর। পূর্ব আকাশের কোণে প্রথমে একফোঁটা আলো, তারপর ক্রমে বিস্তৃত হয়ে ওঠে সোনালি আভা। সাগরের বুকে ঠিক তখনই জন্ম নেয় নতুন বছরের প্রথম সূর্য। প্রকৃতিও যেন নিঃশব্দে জানিয়ে দেয়—বিদায় অতীত, স্বাগতম নতুন পথচলা।
শিশিরভেজা ভোর, ঠান্ডা হাওয়ার মৃদু স্পর্শ আর নীল সমুদ্রের ছন্দময় ঢেউ—সবকিছু মিলিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত যেন রূপ নেয় এক স্বপ্নিল ক্যানভাসে। ঝিনুক ছড়ানো বালুচরে দাঁড়িয়ে থাকা পর্যটকেরা নীরবে উপভোগ করেন সেই মুহূর্ত, যখন সূর্যের প্রথম কিরণ এসে পড়ে সাগরের বুকে। সফেদ ফেনীল ঢেউ আলো ছুঁয়ে ঝলমল করে ওঠে, মনে হয় সমুদ্র নিজেই নতুন বছরকে আলিঙ্গন করছে।
অনেকেই ক্যামেরার ক্লিকে ধরে রাখেন এই অনন্য দৃশ্য। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ আবার নীরব প্রার্থনায়—প্রতিটি মুখে ছিল নতুন বছরের প্রতি একরাশ প্রত্যাশা। বছরের প্রথম আলো যেন সবার মনে ছড়িয়ে দেয় নতুন করে বাঁচার অনুপ্রেরণা।
ঢাকার ধানমন্ডি থেকে আসা পর্যটক রোকসানা আমিন অনুভূতির কথা জানিয়ে বলেন,
“গতকাল বছরের শেষ সূর্যাস্ত দেখেছি, আজ আবার নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হলাম। সাধারণত সৈকতে সূর্যোদয় চোখে পড়ে না, কিন্তু আজ আলো যখন সাগরের বুকে এসে পড়ল—মনে হলো প্রকৃতি নিজেই নতুন বছরকে অভ্যর্থনা জানাচ্ছে।”
সিলেট থেকে আসা পর্যটক নয়ন মুন্সি জানান,
“ফজরের নামাজ শেষে সৈকতে এসেছি। শীতল বাতাস, সাগরের গর্জন আর প্রথম সূর্যের আলো—সব মিলিয়ে এক অপার্থিব, পবিত্র অনুভূতি। এই ভোরের মতোই নতুন বছর হোক সুন্দর, শান্তিময় আর আশাবাদে ভরা।”
নতুন বছরের এই প্রথম সূর্যোদয়ে কেউ খুঁজে পেয়েছেন শান্তি, কেউ পেয়েছেন নতুন স্বপ্নের সাহস। সাগরের ঢেউ যেমন বারবার তীরে এসে ফিরে যায়, তেমনি জীবনও বারবার নতুন করে শুরু হয়—এই বার্তাই যেন বহন করে এনেছে ২০২৬ সালের প্রথম আলো।
বিদায় ২০২৫।
স্বাগতম ২০২৬—আশা, শান্তি ও সমৃদ্ধির নতুন গল্প নিয়ে।