পুরো দেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি।
তিনি জানান, লাখ লাখ মানুষ একত্র হয়ে তার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে। এতে তাকে মনে হয়েছে, খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, তিনি সমগ্র জাতির মা ছিলেন।
পোস্টে তিনি কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধি ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।
শোকের এই মুহূর্তে তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে বলেন, “আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।”
তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি চেষ্টা করব, যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখানে সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। খালেদা জিয়া যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের দিয়েছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।