বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোরে আলমগীর হোসেন নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি শংকরপুর ইসাহাক সড়ক এলাকার বাসিন্দা এবং ইন্তাজ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসে ছিলেন আলমগীর হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শংকরপুর এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, “দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের নেতা আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনও শনাক্ত হয়নি।”

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্যাটাগরি