বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

নির্বাচনের আগে-পরে রোহিঙ্গা ক্যাম্প সিল রাখার নির্দেশ, যৌথবাহিনীর অভিযান শুরু: ইসি সানাউল্লাহ

কক্সবাজার সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের ব্যবহার করা না যায়—সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে ব্যর্থ হলে তার পরিণতি দেশবাসীকেই ভোগ করতে হবে।

নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর অভিযান শুরু হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই অভিযানের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন হলে তা কঠোরভাবে মোকাবিলা করা।

তিনি বলেন, “মিন মিন করে নির্বাচন করা যাবে না। এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ ক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেবেন, গায়ের জোরে কিছু করা যাবে না।”

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি