৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
জাপানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পসহ একাধিক কম্পনে কেঁপে উঠেছে সীমানে ও পার্শ্ববর্তী তোত্তোরি জেলা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয় সময় ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পরই ৫ দশমিক ১ মাত্রার আরেকটি বড় ভূমিকম্প অনুভূত হয়। পরবর্তী সময়ে ওই অঞ্চলে বেশ কয়েকবার ছোট আকারের আফটার শকও রেকর্ড করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এসব ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন, বিশেষ করে সামনের দুই থেকে তিন দিনের মধ্যে ৫ মাত্রার ওপরে আরও ভূমিকম্প আঘাত হানার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
আবহাওয়া বিভাগ আরও জানায়, যেসব এলাকায় ভূমিকম্পের প্রভাব বেশি পড়েছে সেখানে ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুটি আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। তবে ভূমিকম্পের প্রভাবে কিছু সময়ের জন্য বুলেট ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে ধরা পড়েছে।
কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।