পাথরঘাটায় বিচারকের খাস কামরায় ঘুস দিতে গিয়ে আটক এসআই শাহরিয়ার জালাল
বরগুনার পাথরঘাটায় একটি সিআর মামলার আসামির জামিন নিতে গিয়ে বিচারকের খাস কামরায় প্রবেশ করে ঘুস দেওয়ার চেষ্টা করায় পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার জালালকে আটক করা হয়েছে। পরে বিভাগীয় মামলার শর্তে থানার ওসি ও সহকারী পুলিশ সুপারের জিম্মায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. সাহেদ চৌধুরী।
জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতের প্রতিবেদনে বলা হয়, বিচারক মো. পনির শেখ তার খাস কামরায় অবস্থানকালে এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে একটি মামলার কাগজ দেখিয়ে সিআর মামলার আসামি মো. রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন তিনি।
এ সময় এসআই শাহরিয়ার জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাকে জামিন দিয়ে রি-কলের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান। বিচারক এ ধরনের বেআইনি তদবিরে বিব্রত বোধ করেন। একপর্যায়ে বিচারককে প্রভাবিত করার উদ্দেশ্যে ঘুস হিসেবে টাকা দিতে চাইলে বিষয়টি অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে কোর্ট পুলিশের সিএসআই, জিআরও ও আদালতের কর্মচারীদের উপস্থিতিতে তাকে আটক করা হয়।
পরে বিষয়টি বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই খুদাকে জানানো হলে তার অনুরোধে বিভাগীয় মামলার আশ্বাসে সন্ধ্যা ৫টার দিকে পাথরঘাটা থানার ওসি মংচেনলা ও সহকারী পুলিশ সুপার মো. সাহেদ চৌধুরীর জিম্মায় এসআই শাহরিয়ারকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত এসআই শাহরিয়ার জালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। থানায় গিয়েও তার উপস্থিতি নিশ্চিত করা যায়নি।
পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, “বিচারক অর্ডার শিটে যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এটি মূলত ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট এসআইয়ের বিষয়।”