ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ সরাসরি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব নেয় না।
সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের কোনো ম্যান্ডেট না থাকলে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তিনি বলেন, এটি বর্তমানে জাতিসংঘের কার্যক্রমের অংশ নয়।
তবে বাংলাদেশে জাতিসংঘের স্থানীয় কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান দুজারিক। তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে।
ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তনকে জাতিসংঘ কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তিনি কোনো সংবাদ বা ঘটনার মূল্যায়ন করেন না, সেটি সাংবাদিকদের কাজ। তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক মতামত ও দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে, সে ধরনের প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে।
এ সময় ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্তেফান দুজারিক বলেন, তার মৃত্যুতে জাতিসংঘ তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।