মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

সেন্টমার্টিনে জেলেদের জালে ধরা পড়ল ৬৭ মণ লাল কোরাল মাছ, বিক্রি ১০ লাখ টাকায়

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেলেদের জালে ৬৭ মণ ১০ কেজি লাল কোরাল (ভেটকি) মাছ ধরা পড়েছে। ধরা পড়া ৬৮৭টি মাছের প্রতিটির ওজন ছিল গড়ে দুই থেকে চার কেজির বেশি। এসব মাছ ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে সেন্ট মার্টিন দ্বীপের মৌলভীর শীল এলাকায় মোহাম্মদ জাকারিয়া (৪০) মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে মাছগুলো ধরা পড়ে। ট্রলারটি একদিন আগে শাহপরীর দ্বীপ থেকে সাগরের উদ্দেশে যাত্রা করে। মাঝি আবুল কালামের নেতৃত্বে ট্রলারে ছিলেন নয়জন মাঝিমাল্লা। সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশের চ্যানেলে সন্ধ্যার পর জাল ফেলা হয়। পরদিন সকালে জাল তুলতেই একসঙ্গে বিপুল পরিমাণ লাল কোরাল মাছ ধরা পড়ে।

ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া জানান, ধরা পড়া মাছের মধ্যে ১০টি নিজেদের জন্য রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে। শুরুতে প্রতি মণ ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে রাখা হয়েছে। সেখান থেকে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন বাজারে পাঠানো হবে। কোরাল বা ভেটকি মাছের চাহিদা সারা দেশেই বেশি। নিয়মিত বাজারে না পাওয়ায় এর দাম তুলনামূলক বেশি থাকে।

সেন্ট মার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আজিজ জানান, সেন্ট মার্টিন চ্যানেল এলাকায় প্রায়ই লাল কোরাল মাছ ধরা পড়ে। সাম্প্রতিক সময়ে সাগরে মাছ কম মিললেও গত কয়েক দিন ধরে ভালো মাছ উঠছে, এতে অন্য জেলেরাও ওই এলাকায় জাল ফেলতে প্রস্তুতি নিচ্ছেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা বলেন, লাল কোরাল বা ভেটকি মাছ একটি সুস্বাদু ও জনপ্রিয় সামুদ্রিক প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম Lates calcarifer। সাধারণত এক থেকে নয় কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চল, বিশেষ করে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এ মাছ বেশি দেখা যায়।

ক্যাটাগরি