বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা, একই দামে তিনগুণ গতির ইন্টারনেট
গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে তিনগুণ পর্যন্ত গতি বাড়িয়েছে, তবে মাসিক মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এটি অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং অন্যান্য স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।
নতুন প্যাকেজ অনুযায়ী, ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’, এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’, এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত হয়েছে। ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’, এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।
বিটিসিএল আশা করছে এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত এবং মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকদের সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য, এবং ভবিষ্যতেও গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া গ্রাহকদের অব্যহত আস্থা ও সহযোগিতার জন্য বিটিসিএল কৃতজ্ঞ।