শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন ডিজি

প্রশ্নফাঁস, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল এবং অন্যান্য জালিয়াতির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মিরপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন একদল নিয়োগপ্রত্যাশী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, “পরীক্ষা শুরু হওয়ার আগে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সকল প্রশ্ন উদ্ধার করা হয়েছিল, সেগুলোর সাথে আমাদের প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা হয়েছে, এটি অস্বীকার করা যাবে না।”

ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এটি প্রশ্নফাঁস নয়। নকলের দায়ে ২০৭ জনকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, “চাকরিপ্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। এর আগেও দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল।”

এর আগে রবিবার বেলা ১১টার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে বিক্ষোভে নিয়োগপ্রত্যাশীরা নানা স্লোগান দিয়ে পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবি জানান।

ক্যাটাগরি