বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সংকটাপন্ন হুজাইফাকে নেয়া হচ্ছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। তিনি জানান, হুজাইফা বর্তমানে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে এবং তার অবস্থা ক্রিটিক্যাল। মস্তিষ্কের ভেতরে গুলি অবস্থান করায় তা অপসারণ করা সম্ভব হয়নি। এ কারণে বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, “শিশুটির ব্রেনে গুলি লাগায় পরিস্থিতি অত্যন্ত জটিল। চট্টগ্রামে অস্ত্রোপচার করা হলেও গুলিটি বের করা যায়নি। এখন তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নেওয়া হবে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসা চলবে।”

হুজাইফা আফনান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। গত রোববার (১১ জানুয়ারি) সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে বের হলে সীমান্তের ওপারে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালে ছোড়া একটি গুলি এসে তাকে গুরুতর আহত করে।

আহত অবস্থায় প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই তার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তবে গুলির অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় তা বের করা সম্ভব হয়নি।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সীমান্তে নিরাপত্তা জোরদার এবং এমন ঘটনায় কূটনৈতিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি