জাতীয়

ভোট নিয়ে শঙ্কা রুমিন ফারহানার, আশঙ্কা ‘অমূলক’ বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

-স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে কর্মী-সমর্থকদের পাহাড়াদার হিসেবে থাকার আহ্বান জানিয়েছেন। তবে তার এই আশঙ্কাকে ‘অমূলক’ বলে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে আখাউড়ায় খরমপুর শাহ্ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) কেল্লা বাবার মাজার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন,
“রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব। এই সরকারের কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন—সে পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা অভিযোগ করেন, কিছু কেন্দ্রে আগের রাতেই ব্যালটে সিল দেওয়ার পরিকল্পনার কথা তিনি শুনেছেন।

তিনি বলেন,
“আমার কানে এসেছে সরাইলের কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করছে। যদি কোথাও সিল দেওয়ার চেষ্টা করে, জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনারা পাহাড়াদার হিসেবে থাকবেন।”

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতিও সতর্ক নজরদারি রাখার আহ্বান জানান এবং আগের মতো সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

মতবিনিময় সভায় রুমিন ফারহানা এলাকাবাসীর কাছে একবার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে বলেন, নির্বাচিত হলে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, যা স্থানীয় রাজনীতিতে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

ক্যাটাগরি