মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাঠে নেমেছে ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে মাঠে নেমেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে দেশের ৬৪টি জেলার উদ্দেশে মিশনের ৫৬ পর্যবেক্ষক যাত্রা শুরু করেছেন।

সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, “দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা আমাদের মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে মূল ভিত্তি হিসেবে কাজ করবে।”

তিনি জানান, মিশনটি দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য সুসংহত পদ্ধতি ব্যবহার করছে, যা নির্বাচনের বিভিন্ন দিকের বিস্তারিত ও ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ নিশ্চিত করবে। পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দল ও নাগরিক পর্যবেক্ষকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন এবং শহর-গ্রাম নির্বিশেষে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

ইন্ডা লাসে আরও বলেন, “পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত। তাদের বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পরিবেশ, আইনি কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশ কর্তৃপক্ষের আমন্ত্রণে এই মিশনটি নিয়োজিত হয়েছে। মিশনের নেতৃত্বে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস, যিনি ১১ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম শুরু করেন।”

মিশনের লক্ষ্য হলো দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া পর্যবেক্ষণ করা।

সূত্র: কালের কণ্ঠ

ক্যাটাগরি