শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

দ্বিতীয় বিয়ের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় দ্বিতীয় বিয়ে করার জেরে ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় ইতালিপ্রবাসী স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম (২৯) কে আটক করেছে পুলিশ।

আহত ব্যক্তির নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫)। তিনি দিয়াবাড়ি গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে এবং দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে নাঈম মাতুব্বরের সঙ্গে একই গ্রামের শিউলি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনের শুরু থেকেই তাঁদের মধ্যে কলহ চলছিল। প্রায় চার মাস আগে নাঈম ইতালি থেকে দেশে ফেরেন। এরপর স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে শিউলি বেগম কৌশলে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নাঈমকে খাওয়ান। নাঈম অচেতন হয়ে পড়লে রাত ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে তাঁর গোপনাঙ্গে গুরুতর আঘাত করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহামুদ জানান, ব্লেডের আঘাতে নাঈমের গোপনাঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগের মাধ্যমে তাঁকে ঢাকায় রেফার করা হয়।

আহত নাঈমের ভাবি শেফালি বেগম বলেন, “নাঈমের আর মাত্র চার দিন পর ইতালি ফিরে যাওয়ার কথা ছিল। পরিকল্পিতভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাঁর স্ত্রী এই সর্বনাশ করেছে। আমরা এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে স্ত্রী এই হামলা চালিয়েছেন। আটক শিউলি বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাটাগরি