বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে প্রায় ৫০০ বসতি

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০০টি বসতি পুড়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের শেড ও বসতিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ও ক্যাম্প এলাকার ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে এবং প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিখন কেন্দ্র থেকেই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, প্রথমে শিখন কেন্দ্রে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই তা পাশের বসতিগুলোতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত বিস্তৃত হয়।

উল্লেখ্য, গত বছরও রোহিঙ্গা ক্যাম্পে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রশাসন ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের কাজ চলছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ক্যাটাগরি