র্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি: ঘটনায় জড়িত একজন গ্রেফতার
নারায়ণগঞ্জে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে টাকাসহ গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক।
এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা থানার নলখোলা এলাকা থেকে মো. বেল্লাল খান তুহিন (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে। হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮) ঢাকার বায়তুল মোকাররমে স্বর্ণ বিক্রি শেষে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। বিকাল আনুমানিক ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের র্যাব পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে নেয়। পরে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।
গ্রেফতারের সময় বেল্লাল খান তুহিনের কাছ থেকে দুই লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, একটি আইফোন-১৬, দুটি মোবাইল ফোন এবং একটি সোনার আংটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।