শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবানে জামায়াত প্রার্থী নির্বাচনী দৌড় থেকে সরে, সুজার সমর্থনে মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহারের ফলে এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির এস এম শাহ সুজা উদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রার্থীর পক্ষে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

জামায়াত নেতৃবৃন্দ জানান, পার্বত্য বান্দরবানে জামায়াতে ইসলামী জনপ্রিয় হলেও কেন্দ্রীয় নির্দেশে জোটগত সমন্বয়ের কারণে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। নেতারা নিশ্চিত করেছেন, নির্বাচনী প্রচারণায় জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা এস এম শাহ সুজা উদ্দিনকে সমর্থন করবেন।

এ বিষয়ে জোটের মনোনীত প্রার্থী এস এম শাহ সুজা উদ্দিন বলেন, “জোটের শরিক দল জামায়াতে ইসলামী’র প্রার্থী আবুল কালামের নেতৃত্বে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো। বান্দরবানে সুন্দর ভবিষ্যত গঠনে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।” তিনি জানান, জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যেই ভোটের পক্ষে প্রচারণা শুরু হয়েছে এবং সাংগঠনিকভাবে এনসিপি শক্ত অবস্থানে আছে।

প্রসঙ্গত, ৩০০ নম্বর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, এনসিপির এস এম শাহ সুজা উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এবং জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্যাটাগরি