নির্বাচনকালীন নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণে টেকনাফে নৌ অঞ্চলের কমান্ডার
নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বুধবার টেকনাফ সফর করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মইনুল হাসান।
এসময় তিনি টেকনাফের বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে টেকনাফ পৌর শহরে নৌবাহিনীর সদস্যরা ফুট পেট্রোলিং পরিচালনা করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিয়ার এডমিরাল মইনুল হাসান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর। একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে নৌবাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলন করানো হয়েছে বলেও জানান তিনি। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।