বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে নীরবতা পালন

ভারতের পার্লামেন্টের লোয়ার হাউজ লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ একাধিক নেতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সংসদ সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানান।

ভারতীয় বার্তাসংস্থা ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশন শুরুর আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদে একে একে সবার নাম উচ্চারণের পর সাংসদরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। এই অধিবেশন চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে এবং ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করা হবে। প্রতিবেশী দেশের সাবেক সরকারপ্রধানের স্মরণে ভারতের সংসদের উভয় কক্ষে শোক প্রস্তাব গ্রহণকে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

ক্যাটাগরি