স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
দেশের বাজারে স্বর্ণের দামে বড় উত্থান ঘটেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনো একদিনে এত বেশি দামে স্বর্ণ বাড়েনি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে এবং আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা এবং বুধবার ৭ হাজার ৩৪৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। টানা এই তিন দফা বৃদ্ধিতে স্বর্ণের দাম নতুন সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেট ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।