সত্যের কলমে নিরাপদ রাষ্ট্র গঠন করতে হবে: প্রফেসর ড. সুকোমল বড়ুয়া
দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) কক্সবাজার শহরের স্টুডিও সুর সমুদ্রে আয়োজিত সভায় পত্রিকার সার্বিক কার্যক্রম, পেশাগত মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ ও দৈনিক কক্সবাজার সংবাদের উপদেষ্টা সম্পাদক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস. এম. জাফর। সভাপতিত্ব করেন দৈনিক কক্সবাজার সংবাদের সম্পাদক এম. আমান উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জেমসেন বড়ুয়া, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ও বার্তা সম্পাদক আমিনুল হক আমীনসহ পত্রিকার অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেন, “সত্যকে বাদ দিয়ে পৃথিবীতে কেউ জয়ী হয়েছে বলে আমি মনে করি না। পরিবার ও রাষ্ট্রের সহায়তায় এই সত্য প্রতিষ্ঠিত হয়। তাই এ সত্যকে ধারণ করে আপনাদের কলমকে নিরাপদ রাষ্ট্র গঠনে কাজে লাগাতে হবে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতাই সুস্থ সমাজ গঠনের প্রধান হাতিয়ার। স্থানীয় গণমাধ্যম মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি দৈনিক কক্সবাজার সংবাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি এস. এম. জাফর বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মর্যাদা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সাংবাদিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সম্পাদক এম. আমান উল্লাহ বলেন, “দৈনিক কক্সবাজার সংবাদ শুরু থেকেই সত্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে পত্রিকার মান আরও উন্নত করতে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা পত্রিকার উন্নয়ন, আধুনিক সাংবাদিকতা চর্চা, পাঠকপ্রিয়তা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সভাটি প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।