দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বেলা ১১টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন এবং ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
এছাড়া বাংলাদেশ ডাক বিভাগ (বিডি পোস্ট) এরইমধ্যে ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে বলে জানান তিনি।
এদিকে, বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, সারা দেশে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। সোমবার সকাল ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোট দিয়েছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন ভোটার ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।