শিক্ষা সফরে কক্সবাজারে গিয়ে পাওয়া যাচ্ছে না চট্টগ্রামের স্কুলছাত্রী পূজাকে
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে কক্সবাজার গিয়ে পূজা রানী দাস (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেই অন্য শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মিরসরাই ফিরে আসায় শিক্ষকদের দায়িত্বহীনতা ও তদারকির অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
নিখোঁজ পূজা রানী দাস মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু ভূইয়াপাড়া এলাকার অপু দাশের মেয়ে। পরিবারটি বর্তমানে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করছে।
বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১টায় বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীসহ মোট ১৭৫ জন তিনটি বাসে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তাদের মিরসরাই ফেরার কথা ছিল। ফেরার সময় শিক্ষার্থীদের বাসে ওঠার নির্দেশ দেওয়া হলে অধিকাংশ শিক্ষার্থী উঠলেও পূজা রানী দাসসহ কয়েকজন তখনও বাইরে ছিল। কিছু সময় পর অন্য শিক্ষার্থীদের পাওয়া গেলেও পূজাকে আর খুঁজে পাওয়া যায়নি।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানানো হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার না করেই শিক্ষকরা বাকিদের নিয়ে মিরসরাই ফিরে আসেন।
মেয়ের নিখোঁজের খবরে ভেঙে পড়েছেন বাবা অপু চন্দ্র দাশ। তিনি বলেন, “আমরা স্কুলের ওপর ভরসা করেই মেয়েকে পাঠিয়েছিলাম। এতগুলো শিশু নিয়ে শিক্ষা সফরে গেলেন, অথচ প্রধান শিক্ষক নিজে যাননি। দায়িত্বে থাকা শিক্ষকরা কীভাবে একটি মেয়েকে রেখে ফিরে আসতে পারেন? যদি নিরাপত্তা দিতে না পারেন, তবে কেন এত দূরে নিয়ে গেলেন?”
তিনি আরও অভিযোগ করেন, দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক নাকি ফেরার পথে মাঝপথে নেমে যান, যা আরও প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে শিক্ষা সফরে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু রতনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তারের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে বক্তব্য দিতে রাজি হননি।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, “বিষয়টি এখনও আমার জানা ছিল না। এখন যেহেতু জানতে পেরেছি, দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় পুরো মিরসরাই উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা প্রশ্ন তুলেছেন—অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে গিয়ে নিরাপত্তা নিশ্চিত না করে কীভাবে শিক্ষকরা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন? তারা দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।