নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি
পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে আইজিপির এমন সিদ্ধান্ত প্রশাসনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
সূত্র জানায়, বাহারুল আলম নিজ উদ্যোগেই তার ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট ইস্যুর জন্য অনাপত্তি সনদ (এনওসি) চেয়ে ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, কূটনৈতিক পাসপোর্ট সমর্পণপূর্বক সাধারণ পাসপোর্ট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।
আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হতে এখনও প্রায় ৮ মাস বাকি। চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত তার দায়িত্বকাল রয়েছে। এ অবস্থায় মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই সরকারি পাসপোর্ট সমর্পণের বিষয়টি সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশাসনের ভেতরে আলোচনা চলছে—হঠাৎ করে কেন তিনি সাধারণ পাসপোর্ট নিতে চাইছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পাসপোর্ট সংক্রান্ত আগের কিছু বিধিনিষেধ শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বর্তমান সরকারের সংশ্লিষ্টদের জন্য লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। এই প্রেক্ষাপটেই আইজিপির আবেদনকে দেখা হচ্ছে।
রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর নেতৃত্ব দিতে বাহারুল আলমকে অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিকভাবে আইজিপি হিসেবে নিয়োগ দেয়। তার আগে তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানান, নির্বাচনের পরপরই আইজিপি দেশ ছাড়তে পারেন—এমন গুঞ্জন রয়েছে। এর আগেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নির্বাচনের আগে তাকে অপসারণের দাবি তুলেছিল বলে জানা যায়। তবে সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে নির্বাচন পর্যন্ত তার চুক্তির মেয়াদ বহাল রাখা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বৃহস্পতিবার আইজিপির হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হয়। তিনি পাল্টা প্রশ্ন করে লেখেন, “কি প্রশ্ন উঠেছে।” পরে তাকে নির্বাচনের পর দেশ ছাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি আর কোনো জবাব দেননি।