উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক
কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক বাঙালিকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি রাইফেলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তল গুলি, ৮৯ রাউন্ড রাইফেল গুলি, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।