বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালনা করা হবে এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।

বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, এবারই প্রথমবারের মতো দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে অনেক প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান করেছেন এবং পাঠানো ব্যালট পেপার দেশে পৌঁছেছে। তিনি বলেন, লিঙ্গ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও জানান, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিবেদন নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ ও ফল গণনা সম্পন্ন হবে এবং কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

ক্যাটাগরি