বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. আলম জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে আলোচনা শেষে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদু রহিম নুরী বলেন, এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে স্থানীয় সন্ত্রাসীদের অবস্থান রয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।

ক্যাটাগরি