সারা দেশ

ঘুসের টাকাসহ শিক্ষককে পুলিশে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন কর্মকর্তা

সোমবার বিকালে রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগমকে ঘুস দিতে গিয়ে গ্রেফতার হলেন স্কুলশিক্ষক মাইদুল ইসলাম। পুলিশের হাতে ওই স্কুলশিক্ষককে তুলে দেন উপ-পরিচালন নিজেই। এ ঘটনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।

উপ-পরিচালক রোকসানা বেগম বলেন, ‘আটক ওই ব্যক্তি একজন শিক্ষক ছিলেন বলে আমাকে জানিয়েছেন। রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওভুক্তির বিষয়ে কথা বলতে গত সপ্তাহেও আমার দপ্তরে এসেছিলেন। আজ আবারও এসে আমার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ব্যাগে থাকা আট লাখ টাকা আমাকে নেওয়ার জন্য বলেন এবং এমপিওভুক্তির জন্য কাজ করতে অনুরোধ করেন। বিষয়টি মেনে নিতে না পেরে পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।’

এ বিষয়ে মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি জানতাম না যে ম্যাডাম ঘুস নেন না। তাকে আট লাখ টাকা ঘুস দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি শাহজাহান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনা বিভিন্ন মহলে জড়িয়ে পড়লে অনেকে মন্তব্য করেন- যেখানে শিক্ষা খাতে দুর্নীতির বিশাল বিস্তার, সেখানে ওই শিক্ষা কর্মকর্তা সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

রংপুর মাহিগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগম খুবই নীতিবান। তাকে ঘুস দিতে গিয়ে ওই শিক্ষক ভুল করেছেন। একই রকম মন্তব্য করেছেন একাধিক শিক্ষক।

ক্যাটাগরি