মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকারের সঙ্গে নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কী না, তা চূড়ান্তভাবে নির্ধারণ হবে জাতীয় সংসদে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই।
সঙ্গে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক নেতারা স্থানীয় পর্যায়ে কার্যকরভাবে কাজ করতে সক্ষম হওয়ায় তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রশাসকরা জানিয়েছেন, তারা মশা নিধন, যানজট নিয়ন্ত্রণ, রাস্তাঘাট মেরামত এবং দুর্নীতি রোধে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনগুলোতে জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনিক অগ্রাধিকার নির্ধারণ করা হবে।