শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০

-নোয়াখালীর হাতিয়ায় নবনির্বাচিত এমপি আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে

নোয়াখালী-র হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে ও পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যান এমপি। বাজার এলাকায় পৌঁছার পর একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে হামলাকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে আহত দুই সমর্থককে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা স্থিতিশীল।

ঘটনার বিষয়ে এমপি আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

অভিযুক্ত বেলাল মাঝির বক্তব্য জানা যায়নি।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ঘটনার পর প্রকল্প বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিস্থিতি শান্ত করার দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি