সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এ বইমেলা। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। তবে রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ রাখা হবে।

এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। সব মিলিয়ে প্রকাশকদের জন্য ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

বইমেলাকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশকদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সবচেয়ে বড় আয়োজন হিসেবে অমর একুশে বইমেলা বরাবরের মতোই পাঠক-লেখক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয়েছে।

ক্যাটাগরি