শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও চাঁদাবাজিকাণ্ডে আলোচিত আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন। তার সঙ্গে মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানা পুলিশ-এর উপপরিদর্শক আরমান আলী আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০/২২ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিদের সঙ্গে ভুক্তভোগী নির্জন ও তার বন্ধুদের পূর্ব শত্রুতা ছিল। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে Presidency University-এর চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে সাক্ষাৎকালে আসামিরা তাকে তাদের স্থায়ী ক্যাম্পাস ও কনভোকেশনে অংশগ্রহণের বিষয়ে চাপ দেন।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিসুর রহমানের সঙ্গে পরামর্শের সময় আসামি রাজ্জাকের নির্দেশে রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে নির্জনকে আঘাত করেন। এতে তার পিঠ ও বুকে আঘাত লাগে। পরে রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মুখমণ্ডলে আঘাত করেন, এতে নাকের উপরিভাগ কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।

এ সময় তাকে এলোপাথারি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সহপাঠী ও শিক্ষকেরা এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি ও হুমকি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৬ জুলাই রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায়ও রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি