সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

প্রথমবার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে।”

তিনি কর্মকর্তা-কর্মচারীদের সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। “সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন,”—যোগ করেন তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া এবং নির্বাচনী ইশতেহারে উল্লিখিত অন্যান্য এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

দেশ থেকে দুর্নীতি দূরীকরণেও সংশ্লিষ্ট সবার আন্তরিক ভূমিকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকাণ্ডে সমন্বয় ও জবাবদিহিতা জোরদারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ক্যাটাগরি