সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক উপদেষ্টাদের দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য সময় দেওয়া উচিত।”

তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য সামনে এগিয়ে যাওয়াই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। “ফোকাস দেওয়া উচিত কীভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে পারব, কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব এবং দেশকে কীভাবে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব,”—যোগ করেন তিনি।

দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, “দুর্নীতি যারা করবে, দুদক তাদের বিরুদ্ধে দুদকের মতো কাজ করবে। তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।”

সভায় তিনি জেলার উন্নয়নে সরকারি কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি