আজও মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ একাধিক দেশে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা দিয়েছে চরম ভোগান্তি।
রোববার (১ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী অন্তত ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সও তাদের ফ্লাইট স্থগিত করেছে।
শনিবারের মতো রোববার সকালেও বিমানবন্দরে যাত্রীদের ভিড় ও উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় জানানো না হওয়ায় অনেক যাত্রী অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অবস্থান করছেন। অনেকের ভিসার মেয়াদ সীমিত থাকায় তারা আরও বেশি দুশ্চিন্তায় পড়েছেন।
বাংলাদেশ বিমানের যাত্রী নোয়াখালীর সেনবাগের জুয়েল মিয়ার ১ মার্চ বিকেল ৫টায় কাতারের উদ্দেশ্যে যাত্রার কথা ছিল। ফ্লাইট স্থগিতের খবর শুনেও তিনি সকালেই বিমানবন্দরে আসেন। তিনি জানান, এজেন্সি থেকে সকালেই উপস্থিত থাকতে বলা হয়েছে। হটলাইনে দীর্ঘ সময় চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। “এখন অনিশ্চয়তার মধ্যে আছি,” বলেন জুয়েল।
নোয়াখালীর লক্ষ্মীপুরের আরেক যাত্রী জুবায়ের জানান, তার আগের রাতের ফ্লাইট স্থগিত করা হয় এবং ২৪ ঘণ্টা অপেক্ষার কথা বলা হয়। তিনি উত্তরার একটি বেসরকারি হোটেলে রাত কাটিয়ে পুনরায় বিমানবন্দরে আসেন। তবে এখনো নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল হলেও ইউরোপসহ অন্যান্য অঞ্চলের ফ্লাইট স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।