সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে সক্রিয় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। কীভাবে তাদের গ্রেপ্তার করা হবে সে পরিকল্পনা প্রকাশ করতে না চাইলেও খুব শিগগিরই অভিযান শুরু হবে বলে জানান তিনি

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে, তারা অতি শিগগিরই যেন আইনের আওতায় আসে সে ব্যবস্থা আমরা দ্রুত নেব। আমাদের পরিকল্পনা এখানে ফাঁস করতে চাই না। কোনো কিছু বাদ থাকবে না—এদের আইনের আওতায় আনবোই। এ বিষয়ে আমি অত্যন্ত কঠোর।”

চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগেও এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। বিষয়টি জানার পর চট্টগ্রামের পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর বাসায় নিরাপত্তা জোরদার করেন। “সন্ত্রাসী গ্রুপটি সুবিধা না পেয়ে দুই মাস পর আবার একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছে। তারা ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলি করেছে,” বলেন তিনি।

মন্ত্রী আরও জানান, চট্টগ্রামের ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে।

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কিন্তু ঢালাও অভিযোগ করলে তার জবাব দেওয়া যায় না।”

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। তার ভাষায়, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি ও নিশ্চয়তা ফিরে আসে।

ক্যাটাগরি