রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে তিনি এ বার্তা দেন।

আইজিপি বলেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নিতে হবে। কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া যাবে না। একই সঙ্গে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশ দিয়ে তিনি বলেন, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যাত্রীরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ও ফিরে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো আচরণ করার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, এমন আচরণ করতে হবে যাতে মানুষ থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উন্নত করতে হবে।

তিনি জেলা পুলিশ সুপারদের উদ্দেশে বলেন, ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি